Logo
×

Follow Us

অন্যান্য

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য স্বস্তির খবর দিচ্ছে ফেসবুক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

বাংলাদেশের উদ্যোক্তাদের জন্য স্বস্তির খবর দিচ্ছে ফেসবুক

ফাইল ছবি

বাংলাদেশের ই-কমার্স, এফ-কমার্স এবং ডিজিটাল মার্কেটিং খাতের উদ্যোক্তাদের জন্য সুখবর আসতে পারে। মেটার বিজ্ঞাপন প্ল্যাটফর্মে (ফেসবুক) পেমেন্ট অপশন হিসেবে বিকাশ যুক্ত করার উদ্যোগ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে বলে জানা গেছে। এটি পূর্ণাঙ্গভাবে চালু হলে আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমবে এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ফেসবুক বিজ্ঞাপন পরিচালনা আরও সহজ হবে।

সম্প্রতি কয়েকজন ব্যবহারকারীর শেয়ার করা স্ক্রিনশটে দেখা গেছে, মেটার অ্যাডস ম্যানেজারের ‘Add Payment Method’ অংশে প্রচলিত ব্যাংক কার্ডের পাশাপাশি বিকাশের অপশনও দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পরীক্ষামূলক পর্যায়ে থাকা এই সুবিধা ব্যবহার করে ইতোমধ্যে কয়েকজন সফলভাবে বিজ্ঞাপনের বিল পরিশোধ করেছেন।

এতদিন বাংলাদেশ থেকে ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে আন্তর্জাতিক কার্ড, ডুয়াল কারেন্সি সুবিধা এবং বিভিন্ন ব্যাংকিং জটিলতার কারণে অনেক উদ্যোক্তা সমস্যায় পড়তেন। বিশেষ করে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এসব শর্ত পূরণ করা ছিল সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল। বিকাশ যুক্ত হলে সেই জটিলতা অনেকটাই কমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে মেটা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে বিকাশভিত্তিক এই পেমেন্ট সুবিধা কবে থেকে বাংলাদেশের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টরা আশা করছেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে শিগগিরই সুবিধাটি সবার জন্য চালু করা হবে।

মন্তব্য করুন