Logo
×

Follow Us

অন্যান্য

মোবাইল নেটওয়ার্ক সেবার মান বাড়াতে বড় পদক্ষেপ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

মোবাইল নেটওয়ার্ক সেবার মান বাড়াতে বড় পদক্ষেপ

ফাইল ছবি

মোবাইল সেবার মান বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। গ্রাহকরা যেন ঘরের ভেতরেও নির্বিঘ্নে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার করতে পারেন, সে লক্ষ্যেই অপারেটরদের জন্য ‘ই-জিএসএম’ ব্যান্ডে অতিরিক্ত তরঙ্গ বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় সাড়ে ১৮ কোটি। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ গ্রামীণ ও উপশহর এলাকায় বসবাস করেন, যেখানে নেটওয়ার্ক সেবার মান এখনো তুলনামূলক দুর্বল। অনেক ক্ষেত্রেই ভবনের ভেতরে কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট নিয়ে ভোগান্তিতে পড়তে হয় গ্রাহকদের।

এই প্রেক্ষাপটে গ্রামীণফোন-কে ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে তরঙ্গ দেওয়ার পর, রবি আজিয়াটা ও বাংলালিংক ‘ই-জিএসএম’ ব্যান্ডে তরঙ্গ বরাদ্দের জন্য আবেদন করেছে। বর্তমানে কমিশনের কাছে থাকা ৮.৪ মেগাহার্টজ তরঙ্গের মধ্যে এই দুই অপারেটর মোট ৬.৮ মেগাহার্টজ বরাদ্দ চেয়েছে।

তবে পার্শ্ববর্তী দেশের নেটওয়ার্কের সাথে সম্ভাব্য প্রযুক্তিগত হস্তক্ষেপ যাচাই করতে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে পুরো তরঙ্গ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট অপারেটররা জানিয়েছে, এই ব্যান্ড চালু হলে ঘরের ভেতরে নেটওয়ার্ক দুর্বলতার সমস্যা অনেকটাই কমে আসবে।

বিশেষজ্ঞদের মতে, ‘ই-জিএসএম’ প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের সার্বিক নেটওয়ার্ক কাভারেজ ও সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি আসবে, যা বিশেষ করে গ্রামীণ ও ঘরোয়া ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তি হয়ে উঠতে পারে।

মন্তব্য করুন