নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা আক্তার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম
নাহিদা আক্তার
বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টোয়েন্টি সংস্করণে নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। আগামী এক বছরের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে দলের সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি।
গত ১৮ অক্টোবর এ সিদ্ধান্তের কথা জানায় বিসিবি। এর মধ্য দিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে নািগার সুলতানা জ্যোতির অধ্যায়ের অবসান ঘটল। ব্যক্তিগত ব্যাটিংয়ে আরো মনোযোগ দেয়ার লক্ষ্যেই তিনি এই সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। তবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিতে থাকবেন জ্যোতি।
নাহিদা দীর্ঘদিন ধরে জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে জ্যোতি টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর থেকেই তার সহকারী হিসেবে কাজ করেছেন তিনি। ফলে নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে দলের নেতৃত্বে অভিজ্ঞতার ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে।
জাতীয় দলের হয়ে নাহিদার পারফরম্যান্সও তাঁকে নেতৃত্বের আলোচনায় এগিয়ে রেখেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সফল বোলার তিনি। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এ সংস্করণে ১১৩ ম্যাচ খেলে তাঁর শিকার ১৩২ উইকেট। বাঁহাতি স্পিনে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে দলের বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি।
অন্যদিকে, সহ-অধিনায়ক সোবহানা মোস্তারিও দলের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ সদস্য। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিজ্ঞতা রয়েছে ৭২ ম্যাচের। নতুন নেতৃত্ব কাঠামোতে নাহিদার সাথে তার সমন্বয় দলের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
নতুন অধিনায়ক হিসেবে নাহিদার প্রথম বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে আইসিসি উইমেন্স এমার্জিং নেশনস ট্রফি। আগামী ১২ থেকে ২৫ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা বাংলাদেশের। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করার সূচি রয়েছে দলটির।
টি-টোয়েন্টি দলের নেতৃত্বে এই পরিবর্তন বাংলাদেশের নারী ক্রিকেটের সামনে নতুন অধ্যায়ের সূচনা করেছে। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় নাহিদার নেতৃত্ব, দলের পারফরম্যান্স এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতার দিকেই এখন নজর থাকবে সমর্থকদের।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)