Logo
×

Follow Us

খেলা

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম

শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের সুবাস ছড়িয়েও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

সোমবার (৫ অক্টোবর) পাকিস্তানের ফয়সালাবাদে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে লঙ্কানরা ম্যাচের একদম শেষ বলে গিয়ে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে লঙ্কানরা। দলীয় মাত্র ৪ রান করে আউট হন ওপেনার নেটমি উপেক্ষা। তবে দ্বিতীয় উইকেটে দলের পক্ষে বড় জুটি গড়ে তোলে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন ওপেনার সাঞ্জানা কাভিন্দি। এছাড়া বালাসুরিয়া ২১, মানুদি ১১, সেওমিনি ১০ এবং মাথসারা ৯ রান করে দলের জয় নিশ্চিত করার পথে অবদান রাখেন। ইনিংসের শেষ বলে রান নিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নিশিতা আক্তার নিশি। তিনি প্রতিপক্ষের দুটি উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট তুলে নেন ফারজানা ইয়াসমিন ও আফরিন মিম।

এর আগে টসে হেরে এদিন প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। ইনিংসের শুরুতেই অবশ্য ধাক্কা খায় তারা। ব্যক্তিগত মাত্র ১ রান করে সাজঘরে ফিরে যান ওপেনার মাইমুনা নাহের। আরেক ওপেনার জান্নাত দলের ইনিংস মেরামতের চেষ্টা চালালেও ২৪ বলে ১৬ রানের বেশি করতে পারেননি। এছাড়া খাতা না খুলতেই প্যাভিলিয়নে ফিরে যান বিবি আয়েশা।

প্রাথমিক এই বিপর্যয় কাটিয়ে দলের রানের চাকা সচল রাখতে চতুর্থ উইকেটে জুটি গড়ে তোলেন অধিনায়ক সাদিয়া ইসলাম ও নিশিতা আক্তার নিশি। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ২৬ রান করেন নিশি।

এরপর দলের হয়ে সবচেয়ে আক্রমণাত্মক ও সর্বোচ্চ ২২ বলে ৩৯ রানের দারুণ ইনিংস খেলেন অধিনায়ক সাদিয়া। শেষের দিকে সাদিয়া আক্তারের ১৮, ফারজানা ইয়াসমীনের ৬ এবং কুমারি শ্রীবণী রাণীর ৩ রানের সুবাদে ১১৯ লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।

মন্তব্য করুন