Logo
×

Follow Us

খেলা

শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে পদকের আশা শেষ হলো বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর এবার ব্রোঞ্জ পদকের ম্যাচেও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে লিটন দাসের দল। ৬৩ রানের এই পরাজয়ে কোনো পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করতে হচ্ছে বাংলাদেশকে।

ব্রোঞ্জের ম্যাচে টস হেরে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। শুরুতেই দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে লিটন দাসের দল। মাহাদী হাসান ও আলিস ইসলামের স্পিনে মাত্র ২১ রানেই চার উইকেট হারায় লঙ্কানরা। এরপর রিশাদ হোসেন আরো একটি উইকেট তুলে নিলে ৫৪ রানে পাঁচ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা।

তবে সেখান থেকে ম্যাচের চিত্র বদলে দেন সাহান আরাচ্চিগে ও থারিন্দু রত্নানায়েকে। ষষ্ঠ উইকেটে মাত্র ৪৬ বলে ৯৩ রানের ঝড়ো জুটি গড়ে দলকে ঘুরে দাঁড় করান তারা। থারিন্দু ৩২ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও পাঁচটি ছক্কা; স্ট্রাইক রেট ২০৩.১২। অধিনায়ক সাহান করেন ৩৩ রান।

দুজনের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে মাহাদী হাসান ও সাইফ হাসান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট পান আলিস ইসলাম ও রিশাদ হোসেন। মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন। এর মধ্যে ইনিংসের প্রথম ওভারেই তিনি ২৫ রান দেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই কোনো রান না করে ফেরেন সাইফ হাসান। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাসও রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান।

দলীয় ৫০ রানেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি দলটি। পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলি রাব্বি ও নাসুম আহমেদের ছোট ইনিংসে কোনোভাবে শতরানের গণ্ডি পার করে বাংলাদেশ। নাসুম ২৬ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। পারভেজ করেন ২২ এবং ইয়াসির আলি করেন ২১ রান।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান তুষারা, থারিন্দু রত্নানায়েকে, বিজয়কান্ত বিশ্বকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

৬৩ রানের পরাজয়ে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে বাংলাদেশের সোনা, রুপা কিংবা ব্রোঞ্জ—কোনো পদকই জেতা হলো না। ফলে পদকশূন্য হয়েই আসর শেষ করতে হচ্ছে লিটন দাসদের।

মন্তব্য করুন