শিশুদের ক্যানসার চিকিৎসায় মেসির আর্থিক সহায়তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পিএম
সংগৃহীত ছবি
শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় ধরনের আর্থিক সহায়তা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। বার্সেলোনায় শিশু ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি হাসপাতাল কমপ্লেক্সে তিনি ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’।
বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে নির্মিত হচ্ছে বিশেষায়িত এই কমপ্লেক্স। প্রকল্পটি চালু হলে প্রতি বছর অন্তত ৪০০ শিশুকে চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসাসেবা একই স্থানে এনে সমন্বিতভাবে চিকিৎসার সুযোগ তৈরি করাই প্রকল্পটির প্রধান উদ্দেশ্য।
শিশুদের স্বাস্থ্য ও কল্যাণে মেসির সহযোগিতার ঘটনা অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশনের মাধ্যমে শিশুদের লিউকেমিয়া গবেষণায় অর্থ সহায়তা, আর্জেন্টিনার রোসারিওর একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগে সহায়তা করা হয়েছে।
এ ছাড়া ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও কল্যাণে কাজ করে আসছেন মেসি। ফুটবলের বাইরে তার এসব মানবিক উদ্যোগ বিভিন্ন দেশে শিশুদের চিকিৎসা ও সুরক্ষায় সহায়তার সুযোগ তৈরি করেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)