অধিনায়কত্ব হারানো নিয়ে মুখ খুললেন রশিদ খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান।
আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর বিষয়ে প্রথমবারের মতো বিস্তারিত কথা বলেছেন তারকা লেগ স্পিনার রশিদ খান। তার দাবি, নেতৃত্ব পরিবর্তনের সিদ্ধান্তের কারণ তিনি আগে থেকে জানতেন না। পরে বোর্ডের ঘোষণার পর বিষয়টি জানতে চেয়েছিলেন তিনি।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রশিদের নেতৃত্বে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছিল আফগানিস্তান। তবে পরের বিশ্বকাপে দলের হতাশাজনক পারফরম্যান্সের পর চলতি বছরের শুরুতে কোনো পূর্বঘোষণা ছাড়াই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে ইব্রাহিম জাদরানকে দায়িত্ব দেয়া হয়।
রেড বুলের আয়োজনে ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে রশিদ বলেন, অধিনায়কত্ব পরিবর্তনের সময় ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। বোর্ড সিদ্ধান্ত ঘোষণা করার পরই এর কারণ জানার চেষ্টা করেন তিনি।
আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে রশিদ ৪৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। এর মধ্যে দল জিতেছে ২৬টিতে এবং হেরেছে ২২ ম্যাচে। অধিনায়ক হিসেবে জয়-হারের হিসাবে তার ওপরে আছেন শুধু আসগর আফগান।
নিজের নেতৃত্বের সময়ের সাফল্যের কথা তুলে ধরে রশিদ বলেন, তার অধিনায়কত্বে আফগানিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকেও হারিয়েছে। তবে কিছু সিদ্ধান্ত বা পরিস্থিতি সবসময় নিজের নিয়ন্ত্রণে থাকে না বলেও মন্তব্য করেন তিনি।
অধিনায়কত্ব হারানোর বিষয়টি পেছনে ফেলে এখন দলের হয়ে পারফর্ম করাকেই অগ্রাধিকার দিচ্ছেন রশিদ। তার ভাষায়, অধিনায়ক থাকুন বা না থাকুন, আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারাটাই তার জন্য গর্বের। নিজের নিয়ন্ত্রণে থাকা বিষয় হিসেবে ভালো ক্রিকেট খেলে দেশকে জেতানোতেই মনোযোগ রাখছেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)