Logo
×

Follow Us

খেলা

এশিয়ান গেমস

সেমিফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পিএম

সেমিফাইনালে ভারত-বাংলাদেশ মুখোমুখি

ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস নারী ক্রিকেটে জাপানকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত। ফলে টুর্নামেন্টের শেষ চারে আবারও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আগামী ২০ সেপ্টেম্বর ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। একই দিনে অনুষ্ঠিত হবে অপর সেমিফাইনাল, যেখানে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

জাপানের করোগি স্পোর্টস পার্কে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিক জাপান নারী দল। নির্ধারিত ওভারে মাত্র ৫৭ রানেই থামে তাদের ইনিংস। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রকম বিপদে পড়তে হয়নি ভারতকে। মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় তারা। এই জয়ের সঙ্গে নিশ্চিত হয় ভারতের সেমিফাইনালের জায়গাও।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল চীন। তবে ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি সেমিফাইনালে উঠে যায় নিগার সুলতানা জ্যোতির দল।

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। বিপরীতে চীন রয়েছে ৩৬তম স্থানে।

ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই অবশ্য একেবারেই নতুন নয়। মাত্র এক সপ্তাহ আগেই এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ভারত ১৪৯ রান তোলার পর বাংলাদেশ ৭ উইকেটে ১০৯ রান করে। ফলে ৪০ রানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় জ্যোতির দল।

এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে আবারও সেই ভারতের সামনে বাংলাদেশ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পাওয়া পুরোনো হারের জবাব দেওয়ার সুযোগ এবার জ্যোতিদের সামনে। একই সঙ্গে ফাইনালে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানিও রয়েছে বাংলাদেশের সামনে।

মন্তব্য করুন