মেসি-রোনালদো এক দলে, পূরণ হতে পারে স্বপ্ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলের জার্সিতে দেখার অপেক্ষা এবার শেষ হতে পারে। আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই দলে খেলতে পারেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দুই তারকা।
বোকা জুনিয়র্সের সাবেক তারকা তেভেজ জানিয়েছেন, ২০২৬ সালের ডিসেম্বর মাসে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের বিখ্যাত লা বোম্বোনেরা স্টেডিয়ামে তার বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। আর সেই ম্যাচেই মেসি ও রোনালদোকে সতীর্থ হিসেবে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
ফুটবলবিষয়ক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে তেভেজের এই পরিকল্পনার কথা তুলে ধরা হয়েছে। ফরাসি সংবাদমাধ্যম ফুট মেরকাতোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মেসি ও রোনালদোর সাথে এ বিষয়ে যোগাযোগ করেছেন তেভেজ এবং দুজনের কাছ থেকেই ইতিবাচক সাড়া পেয়েছেন।
তেভেজের সাথে মেসি ও রোনালদোর সম্পর্কও বেশ বিশেষ। আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সাথে দীর্ঘ সময় সতীর্থ হিসেবে খেলেছেন তিনি। অন্যদিকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাথেও একই ড্রেসিংরুম ভাগ করেছেন এই আর্জেন্টাইন তারকা।
এক টেলিভিশন সাক্ষাৎকারে তেভেজ জানান, মেসি ও রোনালদোকে একই দলে খেলতে দেখার ইচ্ছা তার দীর্ঘদিনের। সেই স্বপ্ন থেকেই দুজনকে নিজের বিদায়ী ম্যাচে একসাথে মাঠে নামানোর উদ্যোগ নিয়েছেন তিনি।
তেভেজের ভাষ্য অনুযায়ী, রোনালদো তার আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং মেসিও এতে সম্মতি জানিয়েছেন। দুই তারকার সম্মতিতে তিনি নিজেও উচ্ছ্বসিত। তার মতে, এমন একটি ম্যাচ হলে তা আবেগ ও স্মৃতিতে ভরা বিশেষ এক আয়োজন হয়ে উঠবে।
মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি। প্রায় দুই দশক ধরে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই দুই তারকার তুলনা চলে আসছে। কিন্তু পেশাদার ফুটবলে একই দলের হয়ে তাদের মাঠে নামার সুযোগ কখনো হয়নি।
তাই তেভেজের বিদায়ী ম্যাচে পরিকল্পনাটি বাস্তবে রূপ নিলে মেসি ও রোনালদোকে প্রথমবারের মতো একই জার্সিতে দেখা যাবে। আর সেই দৃশ্য ফুটবলপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে বিশ্ব ফুটবলের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)