Logo
×

Follow Us

খেলা

মেসির চার গোলে মায়ামির বড় জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৩৮ পিএম

মেসির চার গোলে মায়ামির বড় জয়

লিওনেল মেসি

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে টানা পাঁচ ম্যাচের জয়হীনতা কাটিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সিএফ মন্ট্রিয়লকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। মেসি একাই করেছেন চার গোল, সঙ্গে ছিল একটি অ্যাসিস্টও।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মায়ামি। ২০ মিনিটে কর্নার থেকে ক্যাসেমিরোর হেডে এগিয়ে যায় তারা। তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের গোলে সমতায় ফেরে মন্ট্রিয়ল। দুই মিনিট পর ফ্রি-কিক থেকে গোল করে মায়ামিকে আবারও এগিয়ে দেন মেসি। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সফরকারীরা। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মায়ামি। ৫২ মিনিটে দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৮০ মিনিটে লুইস সুয়ারেজকে দিয়ে গোল করান আর্জেন্টাইন তারকা। ৮৩ মিনিটে আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। শেষ দিকে আলেক্সান্ডার শ'র গোলে ব্যবধান আরও বাড়ে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোল করে মায়ামির ৭-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন মেসি।

এটি এমএলএসে মেসির প্রথম চার গোলের ম্যাচ। একই সঙ্গে ইন্টার মায়ামির ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সাত গোল করার রেকর্ডও হয়েছে। চার গোল ও এক অ্যাসিস্টের এই পারফরম্যান্সে চলতি মৌসুমে মেসির গোলসংখ্যা ১৮-তে পৌঁছেছে এবং তিনি এমএলএসের গোলদাতার তালিকার শীর্ষে উঠেছেন। 

এই জয়ে পাঁচ ম্যাচের জয়হীনতার অবসান ঘটিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে ইন্টার মায়ামি। জুলাইয়ের শেষ দিকে মন্ট্রিয়লের বিপক্ষে জয়ের পর লিগে এটিই তাদের প্রথম জয়। 

মন্তব্য করুন