৪১ কোটিতে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৫:৫৬ পিএম
ছবিঃ সংগৃহীত
ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ম্যাচে দিয়েগো ম্যারাডোনার করা দুটি ঐতিহাসিক গোলের সাক্ষী বলটি নিলামে ৩৩ লাখ ৫৫ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪১ কোটি টাকার বেশি।
টেক্সাসভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস শনিবার ঐতিহাসিক এই ফুটবলটি বিক্রি করে। নিলাম প্রতিষ্ঠানটি বলটির দাম অন্তত ১ কোটি ডলার হতে পারে বলে প্রত্যাশা করেছিল। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার তুলনায় অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়।
বলটি ছিল ১৯৮৬ বিশ্বকাপে ব্যবহৃত অ্যাডিডাস আজতেকা মডেলের। ওই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে এই বল দিয়েই দুটি স্মরণীয় গোল করেন ম্যারাডোনা।
ম্যাচের ৫১তম মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সাথে বলের লড়াইয়ে উঠে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের ঘটনাটি স্পষ্টভাবে দেখতে না পাওয়ায় গোলটি বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে ম্যারাডোনা মজা করে গোলটিকে ‘হ্যান্ড অব গড’ হিসেবে বর্ণনা করেন। এরপর থেকেই গোলটি ফুটবল ইতিহাসে **‘হ্যান্ড অব গড’** নামে পরিচিতি পায়।
এর মাত্র চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোলটি করেন ম্যারাডোনা। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি। অসাধারণ সেই গোলটি পরে ফিফার ভোটে **‘গোল অব দ্য সেঞ্চুরি’** নির্বাচিত হয়।
ঐতিহাসিক ম্যাচের বলটি দীর্ঘদিন রেফারি আলি বিন নাসেরের সংগ্রহে ছিল। ২০২২ সালে ৩৬ বছর পর প্রথমবার এটি নিলামে ওঠে এবং ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়। পরের বছর আবার নিলামে তোলা হলেও নির্ধারিত মূল্য না ওঠায় সেটি বিক্রি হয়নি।
এবার তৃতীয়বারের নিলামে বলটির দাম উঠে ৩৩ লাখ ৫৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪১ কোটি টাকার বেশি। এর মধ্য দিয়ে ম্যারাডোনার ক্যারিয়ারের অন্যতম আলোচিত মুহূর্তের স্মারকটি আবারও আলোচনায় এসেছে।
তবে ম্যারাডোনার ঐতিহাসিক ম্যাচের জার্সির নিলামমূল্য ছিল আরও বেশি। ২০২২ সালে সোথবিজের নিলামে সেই জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা সে সময় ম্যাচে ব্যবহৃত কোনো ক্রীড়া সামগ্রীর জন্য রেকর্ড তৈরি করে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)