৬৪ দলের বিশ্বকাপ পরিকল্পনায় তেবাসের কড়া আপত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
*লা লিগা* সভাপতি হাভিয়ের তেবাস
২০৩০ সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপে দলসংখ্যা ৬৪-তে উন্নীত করার সম্ভাব্য পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন স্প্যানিশ লিগ **লা লিগা** সভাপতি হাভিয়ের তেবাস। ফিফার এই উদ্যোগকে তিনি ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে বলেছেন, এমন সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের ভারসাম্য নষ্ট করতে পারে এবং ঘরোয়া লিগগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
ইতালির ক্রীড়া দৈনিক *লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্তে*-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেবাস ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোরও সমালোচনা করেন। তার ভাষ্য, দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থার নেতৃত্বে থাকা ইনফান্তিনোর অধীনে নেওয়া বেশ কিছু সিদ্ধান্ত প্রশ্নের জন্ম দিয়েছে এবং বর্তমান নেতৃত্বের সময় শেষের দিকে বলে তিনি মনে করেন।
বিশ্বকাপের গুরুত্ব অস্বীকার না করেও তেবাস বলেন, ফুটবল কেবল একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। মাত্র কয়েক সপ্তাহের একটি আসরের জন্য গোটা ফুটবল কাঠামোকে চাপে ফেলা উচিত নয়। তার মতে, বিশ্বজুড়ে লাখো মানুষের কর্মসংস্থান ও ফুটবল অর্থনীতির ভিত্তি গড়ে উঠেছে বিভিন্ন দেশের ঘরোয়া লিগকে কেন্দ্র করে।
সম্প্রতি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ২০৩০ সালের শতবর্ষী বিশ্বকাপে ৬৪টি দল অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানান। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে ওই বিশ্বকাপের মূল আয়োজক হবে। এছাড়া শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আন্তর্জাতিক ম্যাচের ক্রমবর্ধমান সূচি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তেবাস। তিনি বলেন, জাতীয় দলের ম্যাচের সংখ্যা কমিয়ে ঘরোয়া লিগগুলোর স্বার্থকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তার দাবি, ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য ভারসাম্যপূর্ণ ক্যালেন্ডার নিশ্চিত করা জরুরি, অন্যথায় অতিরিক্ত টুর্নামেন্ট ও ম্যাচের চাপ খেলোয়াড়, ক্লাব এবং লিগ—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)