আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা শিবিরে ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে বিরোধের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এমন সব দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেছেন, এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই এবং তিনি এসব গুজবে বিশ্বাস করেন না।
ফাইনালের পর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুশীলন কেন্দ্র ছাড়ার সময় সাংবাদিকদের সাথে কথা বলেন স্কালোনি। নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি জানান, বড় কোনো টুর্নামেন্ট শেষ হলে স্বাভাবিকভাবেই নতুন করে পরিস্থিতি মূল্যায়নের প্রয়োজন হয়। তবে বর্তমান চুক্তি অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে থাকছেন। একই সঙ্গে তিনি বলেন, দল পুরো টুর্নামেন্টজুড়ে সর্বোচ্চ চেষ্টা করেছে এবং জাতীয় দলের ঐক্য ও সংহতি অটুট ছিল।
সেমিফাইনালের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জের পতাকা প্রদর্শনকে ঘিরে আর্জেন্টিনার বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির বিষয়ে জানতে চাইলে স্কালোনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। তাই সম্ভাব্য কোনো সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার সুযোগ নেই।
ফাইনালে শিরোপা হাতছাড়া হলেও সমর্থকদের ভালোবাসা ও অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আর্জেন্টিনা কোচ। তার ভাষায়, ট্রফি জিততে না পারার হতাশা থাকলেও সমর্থকদের অকুণ্ঠ সমর্থন দলকে অনুপ্রাণিত করেছে। পরাজয়কেও মর্যাদার সাথে গ্রহণ করে সেখান থেকে ইতিবাচক শিক্ষা নেওয়ার মানসিকতাকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
ড্রেসিংরুমে অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন প্রসঙ্গে স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না এবং এসব দাবি বিশ্বাস করার কোনো কারণও দেখেন না। তার মতে, দলের ভেতরে বিভক্তির যে খবর ছড়ানো হয়েছে, তা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)