Logo
×

Follow Us

খেলা

ফাইনালের পর পারেদেসকে ঘিরে বিতর্ক

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম

ফাইনালের পর পারেদেসকে ঘিরে বিতর্ক

ম্যাচ শেষে মাঠে স্পেনের খেলোয়াড়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন পারেদেস

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচ শেষে মাঠে স্পেনের খেলোয়াড়দের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, শেষ বাঁশি বাজার পর স্পেনের ফুটবলাররা শিরোপা জয়ের উদযাপনে ব্যস্ত থাকাকালে এরিক গার্সিয়ার সাথে পারেদেসের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে পারেদেস গার্সিয়াকে ঘুষি মারেন বলে অভিযোগ ওঠে। এতে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই দলের খেলোয়াড়রা ঘটনাস্থলে জড়ো হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পেনের মিডফিল্ডার গাভি এগিয়ে এলে তিনিও সংঘর্ষের মধ্যে পড়ে যান। এ সময় আর্জেন্টিনার থিয়াগো আলমাদাও সেখানে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, উত্তেজনার একপর্যায়ে পারেদেস গাভিকেও আঘাত করেন, ফলে তিনি মাঠে পড়ে যান। পরে দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা দ্রুত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

ঘটনা আরও বিস্তৃত হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি মাঠে নেমে পারেদেসকে সরিয়ে নেন। পুরো ঘটনা পর্যবেক্ষণের পর ম্যাচের রেফারি পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান। তবে ঠিক কী কারণে তিনি এতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন, সে বিষয়ে আর্জেন্টিনা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনার পর ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা পারেদেসের আচরণের সমালোচনা করেন। সাবেক ইংল্যান্ড ডিফেন্ডার গ্যারি নেভিল এটিকে 'লজ্জাজনক' বলে মন্তব্য করেন। অ্যালান শিয়ারারের মতে, ফুটবলে এ ধরনের আচরণের কোনো জায়গা নেই এবং পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি থাকা উচিত। অন্যদিকে সাবেক গোলরক্ষক জো হার্ট ম্যাচ শেষে লিওনেল মেসির আচরণের প্রশংসা করে বলেন, তিনি প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন, যা একজন পেশাদার ফুটবলারের জন্য অনুসরণীয় উদাহরণ।

মন্তব্য করুন