Logo
×

Follow Us

খেলা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:৪৮ পিএম

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি ইউরোপীয় পার্লামেন্টের

ছবি: সংগৃহীত

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিয়েছেন ইউরোপের কয়েক ডজন রাজনীতিক। লাল কার্ড দেখার পরও যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানকে বিশ্বকাপে খেলার সুযোগ দেয়ার ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টে তদন্তের দাবি তুলেছেন তারা।

এবিসির প্রতিবেদন অনুযায়ী, ১ জুলাই বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরবর্তী ম্যাচে তার খেলার সুযোগ ছিল না। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ফিফা তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বেলজিয়ামের বিপক্ষে তাকে খেলার অনুমতি দেয় হয়।

এ ঘটনায় ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ব্যারি অ্যান্ড্রুজ, লারা ভল্টার্স ও নিলস ফুগলসাং এক যৌথ বিবৃতিতে বলেন, টুর্নামেন্ট চলাকালে লাল কার্ডের শাস্তির নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত ‘লজ্জাজনক এবং ন্যায়বিচারের পরিপন্থী’।

তাদের বরাতে প্রতিবেদনে জানানো হয়, আবারো দেখা গেল ইনফান্তিনো ও ফিফা ট্রাম্প প্রশাসনের দাবির কাছে নতি স্বীকার করেছে।’

রাজনীতিকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর ফুটবল ফেডারেশনগুলোকে ফিফার নৈতিকতা কমিটির কাছে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি জানানোর আহ্বান জানিয়েছেন। তারা জানতে চান, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পেছনে ট্রাম্প প্রশাসনের চাপ ছিল কি না। পাশাপাশি রাজনৈতিক নিরপেক্ষতা লঙ্ঘনের সম্ভাব্য অন্যান্য বিষয়ও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন, যার মধ্যে ট্রাম্পকে ফিফা পিস প্রাইজ দেওয়ার বিষয়টিও রয়েছে।

ফিফা জানিয়েছে, বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত শৃঙ্খলা কমিটি নিয়েছে।

রাজনীতিকদের দাবি, এ পর্যন্ত তাদের চিঠিতে ৩৫ জন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য স্বাক্ষর করেছেন। তাদের মতে, খেলাধুলার সৌন্দর্য নিরপেক্ষ ও স্বচ্ছ নিয়মের ওপর নির্ভর করে। রাজনৈতিক চাপের কারণে কে খেলবেন আর কে খেলবেন না, তা নির্ধারিত হলে সেই ন্যায়সংগত পরিবেশ নষ্ট হয়ে যায়।

মন্তব্য করুন