Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায়: মীর শাহে আলম

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগোষ্ঠীকে নিয়ে রাজনীতি করতে চায়: মীর শাহে আলম

ছবিঃ বাসস

ধর্ম-বর্ণ নির্বিশেষে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ দেশের সব জনগোষ্ঠীকে সাথে নিয়ে রাজনীতি করতে চায় বিএনপি। মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করে জনগণের ভোটে নির্বাচিত হওয়াই দলটির লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে। কোনো নির্দিষ্ট ধর্ম বা গোষ্ঠীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার নীতি দলটির নেই।

এ সময় ধর্মকে পুঁজি করে ভোটের রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কাজ করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে মীর শাহে আলম বলেন, নির্বাচনের আগে জামায়াতের নেতারা বেহেশতের কথা বলে ভোট চেয়েছেন। দুর্গাপূজার সময় তাদের পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নাচতে এবং বিভিন্ন মণ্ডপে ঘুরতে দেখা গেছে। তবে এবার দুর্গাপূজায় তাদের কোনো পূজামণ্ডপে দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার সংসদে ও সংসদের বাইরে বিরোধী দলের বক্তব্য শুনছে এবং তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে। তবে বাকস্বাধীনতা চর্চার পাশাপাশি বক্তব্যে শালীনতা বজায় রাখা প্রয়োজন। তার অভিযোগ, বিরোধী দলের অনেক নেতা জাতীয় নেতাদের নিয়ে অসম্মানজনক ও অশালীন মন্তব্য করছেন। এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে জনগণ তা ভালোভাবে নেবে না। বিরোধী দলের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন সাধারণ মানুষ।

জ্বালানি সংকট নিয়ে বিরোধী দলের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে মীর শাহে আলম বলেন, বিএনপি উত্তরাধিকারসূত্রে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দায়িত্ব পেয়েছে। এ খাতের সমস্যা সমাধানে সরকারকে পর্যাপ্ত সময় দেয়া উচিত। কিন্তু সংসদের বাইরে গিয়ে ‘তেল দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগানে লংমার্চ কর্মসূচি পালন করছে বিরোধী দল।

তিনি বলেন, তেল ও গ্যাসের দাবিতে বিপুল অর্থ ব্যয় করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-রংপুর লংমার্চ করা হয়েছে। সামনে ঢাকা-খুলনা লংমার্চের কর্মসূচিও রয়েছে। এসব কর্মসূচি বন্ধ করে আগামী ৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

মীর শাহে আলম আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন জাতীয় বিষয়ে বিরোধী দলের যেসব দাবি ও বক্তব্য রয়েছে, সেগুলো সংসদে তুলে ধরা উচিত। সংসদে আলোচনার মাধ্যমে এসব বিষয়ে গঠনমূলক ভূমিকা রাখতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

মন্তব্য করুন