Logo
×

Follow Us

রাজনীতি

পদত্যাগে ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছি: ইশরাক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০১:১২ পিএম

পদত্যাগে ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছি: ইশরাক

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বড় ধরনের ষড়যন্ত্রের কবল থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে দাবি করেছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুরুতে পদত্যাগের নির্দেশকে শাস্তি মনে হলেও পরে তিনি বুঝতে পেরেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শ ছিল তার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন ইশরাক হোসেন। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি কোনো আপত্তি ছাড়াই তা মেনে নিয়েছিলেন।

পোস্টে ইশরাক দাবি করেন, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার পরিকল্পনা করেছিল। তার ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক নেতিবাচক প্রতিবেদন ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তার ভাবমূর্তি নষ্ট করা এবং জনসমালোচনার মুখে ফেলার ছক তৈরি করা হয়েছিল। একই সাথে দলের জ্যেষ্ঠ নেতা ও শুভাকাঙ্ক্ষীদের সাথে তার দূরত্ব সৃষ্টি করে তাকে বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ইশরাক আরো লেখেন, পরিস্থিতি এমন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা ছিল, যাতে তার রাজনৈতিক জীবনের অবসান ঘটতে পারে। অতীতেও তার বিরুদ্ধে কী ধরনের অন্যায় পরিকল্পনা করা হয়েছিল, প্রধানমন্ত্রী তাকে সে বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছিলেন বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থার কথা জানিয়ে ইশরাক বলেন, তিনি তারেক রহমানকে অন্ধভাবে বিশ্বাস করেন। তার দাবি, তারেক রহমান তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং সব সময় তার কল্যাণের কথা ভাবেন। জীবনের বিভিন্ন সময়ে তিনি এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন সাবেক এই প্রতিমন্ত্রী।

নিজের শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, একটি কঠিন কাজ শুরু করতে গিয়ে তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, যেখান থেকে বড় ধরনের ষড়যন্ত্রের সূত্রপাত হতে পারত। তবে সময়মতো পদত্যাগ করায় সেই পরিস্থিতি এড়িয়ে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে মনে করেন তিনি। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

পোস্টের শেষাংশে দলের ভেতরে কেউ সুযোগসন্ধানী ভূমিকা পালন করলে এবং ষড়যন্ত্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি দেন ইশরাক। একই সাথে ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে অন্য এলাকার কূটকৌশল কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন