উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হলো ভূমিমন্ত্রীকে
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পিএম
সংগৃহীত ছবি
অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাকে ঢাকায় নেয়া হয়।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন বিষয়টি নিশ্চিত করে জানান, উন্নত চিকিৎসার জন্য মন্ত্রীকে রাজশাহী থেকে বিএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তার পরবর্তী চিকিৎসা চলবে।
এর আগে বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে হাসপাতালের একটি কেবিনে তার চিকিৎসা চলছিল। রক্তশূন্যতার কারণে তাকে একাধিক ব্যাগ রক্ত দেয়া হয়।
অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে দেখতে হাসপাতালে ভিড় করেন। এ সময় ভূমিমন্ত্রী সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে নিজের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন মিজানুর রহমান মিনু। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের পর বিএমইউতে তার চিকিৎসা কার্যক্রম চলবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)