বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের সমান অধিকার: রিজভী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৮ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ এমন এক আদর্শ, যেখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিজস্ব স্বাতন্ত্র্য বজায় রেখে একসঙ্গে বসবাস করতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, উৎসব কোনো নির্দিষ্ট ধর্ম বা সামাজিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়। উৎসবের সর্বজনীন আবেদন সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে। অসত্য ও অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার বার্তাই দুর্গাপূজার মূল শিক্ষা।
সাম্প্রদায়িক সম্প্রীতি ও নাগরিক অধিকারের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ধর্মীয় বিশ্বাস ব্যক্তিগত বিষয় হলেও রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। প্রত্যেক নাগরিক যাতে নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে, নিরাপদে ও নির্বিঘ্নে উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের দাবির পরিপ্রেক্ষিতে দুর্গাপূজার ছুটি বাড়ানো, পূজামণ্ডপে বরাদ্দ বৃদ্ধি এবং পুরোহিত ও সেবায়েতদের সম্মানী দেয়ার বিষয়গুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, এ দেশের মানুষ শত শত বছর ধরে একই ভাষা, পোশাক ও লোকজ সংস্কৃতির বন্ধনে মিলেমিশে বসবাস করছে। বাংলাদেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য নষ্ট করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ধর্মপ্রাণ ও অসাম্প্রদায়িক মানুষ ঐক্যবদ্ধভাবে এসব অপচেষ্টা প্রতিহত করবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেবাশীষ পাল, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ হিন্দু ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)