দুপুরে পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৫ এএম
ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে যাচ্ছেন ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান জানাবেন বলে জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে ইশরাক হোসেন বলেন, দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
পদত্যাগের সিদ্ধান্তের প্রসঙ্গে ফেসবুক পোস্টে তিনি লেখেন, তার সম্ভাব্য পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজনের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখেছেন। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁদেরও দেশে ফিরে আন্দোলনে অংশ নেয়ার প্রত্যাশা জানান তিনি।
ইশরাক হোসেন আরো বলেন, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, এবার একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরো জোরালোভাবে কাজ করবেন। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দেশের বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও জানান তিনি। পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।
এর আগে রবিবার সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে ওই খবরকে গুজব বলে দাবি করে অডিও বার্তা দেন ইশরাক। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর নির্দেশসংক্রান্ত সংবাদকে অসত্য ও ভিত্তিহীন উল্লেখ করে প্রতিবাদ জানানো হয়।
পরে রবিবার মধ্যরাতে পদত্যাগের নির্দেশসংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে আরেকটি বার্তা দেন ইশরাক হোসেন। এর ধারাবাহিকতায় সোমবার সকালে তিনি সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।
গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তার সাথে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ ঘটনায় সৃষ্ট বিতর্কের মধ্যেই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেয়ার কথা জানালেন ইশরাক হোসেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)