উসকানিমূলক বক্তব্যে লাভ নেই, জনগণই শেষ কথা: সমাজকল্যাণমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
ছবিঃ বাসস
উসকানিমূলক বক্তব্য ও হুমকি-ধমকি দিয়ে কোনো লাভ হবে না, জনগণই এর জবাব দেবে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৬ অক্টোবর) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় চোপাগাড়ী থেকে হাটপাড়া সড়ক নির্মাণ ও উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে উপজেলার চারটি ইউনিয়নে ছয়টি সড়ক নির্মাণ ও উন্নয়নকাজের উদ্বোধন করেন মন্ত্রী।
অধ্যাপক জাহিদ হোসেন বলেন, সরকার গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছে। কেউ কেউ ‘দেখে নেব, ফেলে দেব’ বলে হুমকি দিচ্ছেন। তবে জনগণ সরকারকে দেশ পরিচালনা ও উন্নয়নের দায়িত্ব দিয়েছে। মানুষের কল্যাণ নিশ্চিত করা এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সরকার কাজ করছে।
তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া বর্তমান বিএনপি সরকারের লক্ষ্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় না পেয়ে রাজনীতি করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর উদ্দেশে সমাজকল্যাণমন্ত্রী বলেন, শক্তি প্রদর্শন না করে জনগণের কাছে যেতে হবে। জনগণ সমর্থন করলে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আর জনগণের সমর্থন ছাড়া হুমকি-ধমকি দিয়ে কোনো ফল পাওয়া যাবে না। জনগণই রাজনৈতিক কর্মকাণ্ডের যথাযথ জবাব দেবে।
অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)