Logo
×

Follow Us

রাজনীতি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই

বিএনপির সাবেক উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৭ বছর বয়সে তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তার জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। পরে মুন্সিগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭৩ সালে, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন তিনি। এর পরের বছর, ১৯৭৯ সালে প্রথমবারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেন।

রাজনৈতিক জীবনে আব্দুল হাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যুতে তার রাজনৈতিক সহকর্মী, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন