বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম
ছবিঃ পিএমও
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিনও সালাহউদ্দিন আহমেদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, প্রধান হুইপ ও অন্যান্য হুইপ মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।
এ ছাড়া পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ মন্ত্রিসভার সদস্য, বর্তমান ও সাবেক সংসদ সদস্যরা কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা জানাজার নামাজে অংশ নেন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সালাহউদ্দিন আহমেদ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি ফুসফুসের সমস্যা ছাড়াও বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে আরেকটি জানাজা শেষে জুরাইনে তার বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)