Logo
×

Follow Us

রাজনীতি

বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে তারেক রহমানের নেতৃত্বে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে তারেক রহমানের নেতৃত্বে

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কারের প্রত্যাশা থেকেই জনগণ বিএনপিকে ভোট দিয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ১৯৯০ সালের গণআন্দোলনে শহীদ জিহাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমান উল্লাহ আমান বলেন, ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল। তবে তার অভিযোগ, পরবর্তী সময়ে আওয়ামী লীগ আবারও স্বৈরাচারী শাসনের পথে ফিরে যায়। গুম ও হত্যাকাণ্ডের মতো ঘটনার পর ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও রক্তের বিনিময়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয়েছে। এভাবে বারবার গণতন্ত্রের জন্য প্রাণ দিতে হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

১৯৯০ সালের গণআন্দোলনে শহীদ জিহাদের অবদানের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার আহ্বানে সচিবালয় ঘেরাও কর্মসূচি চলাকালে মিছিলে গুলি চালায় এরশাদ সরকারের প্রশাসন। ওই সময় দৈনিক বাংলা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জিহাদ। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার আত্মত্যাগ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বলে উল্লেখ করেন আমান উল্লাহ আমান।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য অতীতের আত্মত্যাগের মূল্যায়ন করতে হলে দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে এবং এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আর রক্ত দিতে না হয়।

মন্তব্য করুন