নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার বিষয়ে সন্দেহ রাশেদ খাঁনের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:০১ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ঘটনাস্থল থেকে নাসীরুদ্দীন পুলিশের নিরাপত্তায় কিছুদূর যাওয়ার পর দ্রুত গাড়ি পরিবর্তন করে চলে যাওয়ায় সন্দেহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন। তার দাবি, শনিবার থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী কুষ্টিয়ায় অবস্থান করছিলেন এবং জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করলেও বিএনপি বা দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে তার কোনো বিরোধের ঘটনা ঘটেনি।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপির নেতাকর্মীদের সাথে লালন শাহের মাজারে যান। সেখানে অবস্থানরত কয়েকজনের সঙ্গে তারা কিছু সময় কাটান। পরে মাজার থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তির সাথে এনসিপির নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কুষ্টিয়া বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি।
ঘটনার বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিএনপির নেতাদের সাথে কথা বলেছেন বলেও জানান রাশেদ খাঁন। তাঁর দাবি, ঘটনাটি প্রশাসন বা স্থানীয় বিএনপি নেতাদের পূর্বজানা ছিল না। এমনকি নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজারে যাওয়ার বিষয়টিও প্রশাসনকে জানানো হয়নি বলে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন প্রশ্ন তুলে বলেন, একজন রাজনৈতিক নেতা প্রশাসনকে না জানিয়ে এভাবে বিভিন্ন স্থানে চলাফেরা করতে পারেন কি না। তার বক্তব্য, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নাসীরুদ্দীন কিছু সময় পুলিশের নিরাপত্তায় থাকার পর গাড়ি পরিবর্তন করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
এ প্রসঙ্গে ঝিনাইদহের একটি আগের ঘটনার সঙ্গে তুলনা টেনে রাশেদ খাঁন বলেন, সেখানে নাসীরুদ্দীন ঘটনার পরপরই থানায় গিয়েছিলেন। কিন্তু কুষ্টিয়ার ঘটনায় কেন তিনি পুলিশের চোখ এড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করলেন—এ নিয়ে তার মনে সন্দেহ তৈরি হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)