জামায়াত-আওয়ামী লীগে পার্থক্য দেখেন না উমামা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পিএম
জামায়াত-আওয়ামী লীগে পার্থক্য দেখেন না উমামা
জামায়াত ও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। একই সাথে জুলাই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ২টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব মন্তব্য করেন উমামা ফাতেমা। পোস্টে তিনি জুলাই আন্দোলনের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন।
উমামা ফাতেমার অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের সাথে সরাসরি সম্পৃক্ততা না থাকা অনেকেই পরবর্তীতে নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। তিনি বিশেষ করে সালাউদ্দীন আম্মারের নাম উল্লেখ করে এ বিষয়ে সমালোচনা করেন।
জুলাই আন্দোলনের সময় বিভিন্ন ছাত্র সংগঠনকে বাদ দিয়ে শিবির ও ছাত্রশক্তির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ক কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, এর ধারাবাহিকতায় ৫ আগস্টের পর আন্দোলনের নেতৃত্ব ও রাজনৈতিক পরিসরে নতুন কিছু গোষ্ঠীর প্রভাব তৈরি হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন উমামা। তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে নির্দিষ্ট স্বার্থগোষ্ঠী জুলাই আন্দোলনের নামে জনমতকে প্রভাবিত করতে পারে। তরুণদের মধ্যে বিভিন্ন ব্যক্তিকে পরিকল্পিতভাবে ‘হিরো’ হিসেবে উপস্থাপন করে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ও সম্ভাবনাকে নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের প্রসঙ্গ টেনে উমামা ফাতেমা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার উদ্বেগের বিষয়। তার মতে, মধ্যবিত্তের রাজনৈতিক মনোভাবের পরিবর্তন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে বিভিন্ন ব্যক্তিকে সামনে আনার প্রবণতা বর্তমান পরিস্থিতিতে প্রভাব ফেলছে।
দেশের রাজনৈতিক ইতিহাস নিয়েও মন্তব্য করেন তিনি। উমামা ফাতেমার দাবি, জামায়াতের রাজনৈতিক প্রভাবের কারণে বাংলাদেশের ইতিহাসের আলোচনায় ব্রিটিশ আমল থেকে বিষয়গুলো টেনে আনতে হচ্ছে। একই সাথে তিনি অভিযোগ করেন, জামায়াত তাদের বিরুদ্ধে থাকা গণহত্যার অভিযোগের দায় আড়াল করতে দেশকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত।
সবশেষে উমামা ফাতেমা বলেন, জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে তিনি কোনো পার্থক্য দেখতে পান না। তবে এসব মন্তব্য তার ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান ও মূল্যায়ন হিসেবেই উঠে এসেছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)