তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতার কেন্দ্র জনগণের দিকে ফিরেছে: কাদের গনি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পিএম
বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
বিএফইউজে মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহারে পরিবর্তন এসেছে এবং ক্ষমতার কেন্দ্র জনগণের কাছে ফিরে যাচ্ছে। তার দাবি, সরকারের প্রতি মানুষের আস্থা ও সন্তুষ্টির প্রতিফলন ডেল্টাগ্রামের সাম্প্রতিক জনমত জরিপেও দেখা গেছে, যেখানে সরকারের প্রতি ৭৫ দশমিক ৩ শতাংশ সমর্থন ও সন্তুষ্টির কথা উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের গনি চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে অতীতে দেশের যে উন্নয়ন হয়েছে, তার বড় অংশের পেছনে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ভূমিকা রয়েছে। তার ভাষ্য, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা করছেন।
দেশের অর্থনীতি প্রসঙ্গে কাদের গনি চৌধুরী বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে ডলার ও রুপির বিপরীতে গত সাড়ে পাঁচ বছরের মধ্যে টাকার অবস্থান সবচেয়ে শক্তিশালী হয়েছে। তার মতে, বিনিময় হার আরো স্থিতিশীল হলে বিদেশি বিনিয়োগকারী ও আন্তর্জাতিক বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আস্থা বাড়বে।
তিনি বলেন, অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতেও নতুন রেকর্ড হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা এক মাসে এ খাতে সর্বোচ্চ রপ্তানি। একইভাবে ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রায় ৯ দশমিক ০৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে বলে তিনি উল্লেখ করেন। চলতি অর্থবছরের আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে একক মাসে ২৫ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধির কথাও তুলে ধরেন তিনি।
ব্যাংক খাতের প্রসঙ্গে কাদের গনি চৌধুরী বলেন, সংস্কার ও ঋণ আদায়ে জোরালো পদক্ষেপের ফলে খেলাপি ঋণের অনুপাত কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে ৩৫ দশমিক ৭৩ শতাংশ থাকা এনপিএল অনুপাত ২০২৬ সালের জুনে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে বলে তিনি জানান।
বিদেশি ঋণ পরিশোধের বিষয়েও সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক। তার দাবি, দায়িত্ব নেয়ার প্রথম পাঁচ মাসে বিএনপি সরকার বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করেছে। আগের সরকারের সময়ে নেওয়া ঋণের পরিশোধের চাপের মধ্যেও নিয়মিতভাবে এ দায় পরিশোধ করা হচ্ছে বলে তিনি জানান।
রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির প্রসঙ্গে কাদের গনি চৌধুরী বলেন, দীর্ঘ সময় পর সংসদে প্রশ্ন, পাল্টা প্রশ্ন, আলোচনা ও জবাবদিহির চর্চা দৃশ্যমান হয়েছে। প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগকে তিনি প্রাতিষ্ঠানিক ধারায় ফেরার একটি ইঙ্গিত হিসেবে উল্লেখ করেন।
ক্ষমতা ব্যবহারের ধরনেও পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর সীমিত গাড়িবহর, চলাচলের সময় দীর্ঘক্ষণ সড়ক বন্ধ না রাখা, সরকারি গাড়ি কেনায় নিয়ন্ত্রণ, অপ্রয়োজনীয় বিদেশ সফর ও বৈদেশিক প্রশিক্ষণ কমানো এবং সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। তার মতে, এসব পদক্ষেপ অর্থনৈতিক সূচকে সরাসরি প্রভাব না ফেললেও রাষ্ট্র ও নাগরিকের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।
কাদের গনি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তাঁ মূল বেতনের ১০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে সাধারণ মানুষের জীবনমানের সাথে সরাসরি সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় পরীক্ষামূলকভাবে হাজার হাজার পরিবারকে মাসে ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেয়ার কথা উল্লেখ করেন তিনি।
কৃষকদের জন্য নেয়া উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ ও সংশ্লিষ্ট সুদ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ১৩ লাখ কৃষক পরিবারের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ, কৃষক কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
ধর্মীয় ও সামাজিক খাতের বিভিন্ন উদ্যোগের কথাও জানান কাদের গনি চৌধুরী। তার বক্তব্যে ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা, দেশজুড়ে খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং রমজান ও ঈদে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কৃত্রিম সিন্ডিকেট নিয়ন্ত্রণের উদ্যোগের বিষয়গুলো উঠে আসে। অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধে সম্প্রতি ২ হাজার কোটি টাকা ছাড়ের কথাও তিনি উল্লেখ করেন।
শিক্ষা খাতের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, পাঠ্যক্রমে নতুন বিষয় যুক্ত করা, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, ফ্রি ওয়াই-ফাই এবং শিক্ষার্থীদের সংসদে উপস্থিতির সুযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য খাতের উদ্যোগ প্রসঙ্গে কাদের গনি চৌধুরী ‘হেলথ কার্ড’, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য করার উদ্যোগের কথা বলেন। তার মতে, এসব কর্মসূচি সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যসেবার সাথে সরাসরি সম্পৃক্ত।
পরিবেশ ও জলবায়ু প্রসঙ্গেও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। জলবায়ু বাজেট, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, নদী-খাল পুনঃখনন এবং বৃক্ষরোপণ কর্মসূচিকে সরকারের উন্নয়ন ভাবনার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফ্রন্টের সভাপতি নাছিম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট জাকির এইচ চৌধুরী, সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ আলী খান, সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু, সাংবাদিক সাইফুল ইসলাম, জাকারিয়া আহমেদ, মাহবুবুর রহমান, আল মামুন সবুজ, নুর আলম, মোতাহার হোসেন, নজরুল ইসলাম খান, শাহাবুদ্দীন, শাহ আলম শিমুল, শাহ আলম, শাহদাত হোসেন, ফরহাদ মৃধা, হারুন অর রশিদ, হামিদুল্লাহ খান, রাইসুল ইসলাম রাব্বি ও শামীম মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)