Logo
×

Follow Us

রাজনীতি

কারাগারে পাঠানো হল জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম

কারাগারে পাঠানো হল জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনকে

সংগৃহীত ছবি

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সাথে তাদের জামিন আবেদনের শুনানির জন্য সোমবার (২৮ সেপ্টেম্বর) দিন নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ২৭ জনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করেন। এ সময় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি আসামিপক্ষের করা জামিন আবেদনের শুনানির জন্য সোমবারের তারিখ নির্ধারণ করা হয়।

মামলার নথি অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে বিশেষ আইনশৃঙ্খলা দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা খবর পান, পল্টনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একদল ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে।

পুলিশের করা আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সেখানে অবস্থানের বিষয়ে সন্তোষজনক বা বৈধ ব্যাখ্যা দিতে পারেননি। তাদের কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আবেদনে আরো বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত, আটক ব্যক্তিদের পরিচয় ও ঠিকানা যাচাই এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন। এ কারণেই ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তাদের কারাগারে পাঠানোর আবেদন করা হয়।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ২৭ জনকে আদালতের হাজতখানায় নেয়া হয়। পরে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়। আদালতের আদেশে বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তাদের জামিন আবেদনের বিষয়ে সোমবার শুনানি হবে।

মন্তব্য করুন