এনডিটিভির সাক্ষাৎকারে
বাংলাদেশে সন্ত্রাসবাদের অত্যন্ত ঝুঁকি রয়েছে: শেখ হাসিনা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশে সন্ত্রাসী ও চরমপন্থী গোষ্ঠীগুলোর তৎপরতা থেকে তৈরি হুমকিকে অত্যন্ত গুরুতর বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধরনের ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করা উচিত নয় বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এসব কথা বলেন। বাংলাদেশ পাকিস্তানের মতো সন্ত্রাসী সংগঠনগুলোর আঞ্চলিক নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে কি না—সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাব দেন তিনি।
শেখ হাসিনা বলেন, তার শাসনামলে বাংলাদেশকে চরমপন্থীদের নিরাপদ ঘাঁটিতে পরিণত হওয়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছিল। নাগরিক স্বাধীনতা রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার মাধ্যমে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা তার অগ্রাধিকার ছিল বলেও উল্লেখ করেন তিনি।
উগ্রবাদী মতাদর্শ কোনো দেশের সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন রাখা সমস্যার সমাধান নয়। এ ধরনের হুমকি মোকাবিলায় আঞ্চলিক ও বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সব দেশের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
উল্লেখ্য, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)