Logo
×

Follow Us

রাজনীতি

গত ১৭ বছরের শিক্ষাব্যবস্থা নিয়ে রিজভীর সমালোচনা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম

গত ১৭ বছরের শিক্ষাব্যবস্থা নিয়ে রিজভীর সমালোচনা

সংগৃহীত ছবি

গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তার অভিযোগ, তথ্যপ্রযুক্তি ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে পিছিয়ে রাখার লক্ষ্যেই পরিকল্পিতভাবে এমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির আয়োজনে ‘এসএসসি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। তার দাবি, অতীতে পরীক্ষা না দিয়েও কিংবা খাতায় শুধু প্রশ্ন লিখে রাখার পরও ওপরের নির্দেশে শিক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। জোর করে বেশি নম্বর দেয়া বা যোগ্যতা ছাড়াই পাস করানোর ফলে শিক্ষার্থী কিংবা দেশের কোনো উপকার হয় না বলেও মন্তব্য করেন তিনি।

প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষার মানোন্নয়নে মেধাভিত্তিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেন রিজভী। তার মতে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের প্রত্যাশিত ফল না পাওয়া বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; এর পেছনে সামগ্রিক শিক্ষাব্যবস্থার দুর্বলতা রয়েছে। বর্তমানে মেধার ভিত্তিতে ফলাফল দেয়ার যে প্রক্রিয়া চালু হয়েছে, সেটি বজায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।

নারী শিক্ষার প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে রিজভী বলেন, নারীর ক্ষমতায়নের অন্যতম প্রধান ভিত্তি শিক্ষা। তাঁর বক্তব্য অনুযায়ী, খালেদা জিয়ার সময়ে ছাত্রীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যতে ছাত্রীদের বিএ ও অনার্স পর্যায় পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ দেয়ার ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি।

দক্ষিণ কেরানীগঞ্জের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগের প্রশংসা করে রিজভী আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী শিক্ষার্থীদের সততা, দায়িত্বশীলতা ও দেশপ্রেম নিয়ে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকা-৩ আসনের শিক্ষার্থীরা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখবে—এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে ঢাকা-৩ আসনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বৃত্তির অর্থ দেয়া হয়। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, কৃতী শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন