Logo
×

Follow Us

রাজনীতি

৫ আগস্টের পেছনে রয়েছে ১৭ বছরের আন্দোলন: এ্যানি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পিএম

৫ আগস্টের পেছনে রয়েছে ১৭ বছরের আন্দোলন: এ্যানি

সংগৃহীত ছবি

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পেছনে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ৫ আগস্ট হঠাৎ করে আসেনি; ছাত্র, যুবক ও তরুণ-তরুণীদের মাঠের আন্দোলনের মধ্য দিয়ে এর প্রেক্ষাপট তৈরি হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

এ্যানি বলেন, সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিরোধী দল অসহযোগিতা করে আসছে। তাদের এই ভূমিকার কারণে কেউ কেউ ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক সুযোগ নেয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, বিরোধী দল বিভিন্ন কর্মসূচি না নিলে এমন সুযোগ তৈরি হতো না।

বিএনপিকে চাপে রেখে বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী। তিনি দাবি করেন, গত নির্বাচনের আগে অর্থ ও বিভিন্ন সুযোগের মাধ্যমে কিছু ভোট নেয়া হয়েছে। এ কারণে ভবিষ্যতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এ্যানি আরো বলেন, বাংলাদেশ ও জনগণের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। জনগণের জন্য দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি বর্তমান অবস্থানে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা এবং চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেনসহ স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন