রাজধানীতে আড়াই শতাধিক চেকপোস্টে নিরাপত্তা জোরদার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার পর ঢাকাজুড়ে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ঢাকার প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ প্রায় ২৫০টি পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে ডিএমপি। এসব চেকপোস্টে যানবাহনে তল্লাশি ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগে ৩৪, ওয়ারীতে ৬৪, মতিঝিলে ৭৬, তেজগাঁওয়ে ৯২, মিরপুরে ১২০, গুলশানে ৩৭, উত্তরা বিভাগে ৪৬ এবং গোয়েন্দা বিভাগ থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি প্রিসিশন পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু এবং বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৩টি পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয়েছে। একই অভিযানে একটি গাড়ি, পাঁচটি মোবাইল ফোন ও ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)