Logo
×

Follow Us

রাজনীতি

লংমার্চে কর্নেল অলি:

‘আমরা সরকারের বিরুদ্ধে নই, দেশের বিরুদ্ধেও নই’

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

‘আমরা সরকারের বিরুদ্ধে নই, দেশের বিরুদ্ধেও নই’

এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম।

‘আমরা সরকারের বিরুদ্ধে নই, দেশের বিরুদ্ধেও নই’—গাজীপুরের ভোগরা বাইপাসে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় এ কথা বলেছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিনি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার পাশাপাশি সংস্কারের দাবি রয়েছে তাদের।

কর্নেল অলি বলেন, বর্তমান সরকার প্রত্যাশিত পরিবর্তন আনতে পারছে না বলে তারা মনে করেন। এ কারণে সংস্কারের দাবি জানানো হচ্ছে। তবে এ কর্মসূচি সরকার বা দেশের বিরুদ্ধে নয় বলেও উল্লেখ করেন তিনি।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলার উন্নয়ন, দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন—এসব দাবিতে ১১ দলীয় ঐক্য এ লংমার্চ করছে।

পথসভায় জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, তাদের লংমার্চ দুর্নীতিমুক্ত দেশ গঠন ও আধিপত্যবাদের বিরুদ্ধে। তার ভাষ্য, কোনো দলের নির্দিষ্ট দাবি নিয়ে নয়, গণভোটের গণরায় নিশ্চিত করার দাবিতেই তারা আন্দোলনে নেমেছেন। তিনি বিএনপিকে নিয়েও মন্তব্য করেন এবং কর্মসূচি সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, অধিকার আদায় ও গণদাবি বাস্তবায়নের লক্ষ্যেই ১১ দল রাজপথে নেমেছে। তার বক্তব্য অনুযায়ী, গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও তিনি সরকারের কাছে পদক্ষেপের দাবি জানান।

এর আগে শনিবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে বহরটি রংপুরের উদ্দেশে রওনা হয়ে গাজীপুরের ভোগরা বাইপাসে পথসভায় অংশ নেয়।

গাজীপুরের পর লংমার্চের বহর টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে। কর্মসূচির শেষ পর্বে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন