জনগণের দাবি মেনে নেয়ার আহ্বান জামায়াত আমিরের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ এএম
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
জনগণের দাবি মেনে নিয়ে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দাবি না মেনে হতাশা বা উত্তেজনা থেকে পরিস্থিতি জটিল করার পরিবর্তে সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেয়া উচিত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল হওয়ার পর অনেকের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। গত দুই দিনে রাজধানীতে এর কিছু লক্ষণও দেখা গেছে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি হতাশ হয়ে ‘মাথা গরম’ না করে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
জামায়াত আমির বলেন, বর্তমানে তাদের দাবি আট দফা হলেও সময়ের সাথে তা নয় বা দশ দফায় রূপ নিতে পারে। আবার জাতির প্রয়োজন হলে যেকোনো সময় এসব দাবি এক দফায় পরিণত হতে পারে। এক দফায় রূপ নিলে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তিনি বলেন, সেই পরিস্থিতির মুখোমুখি হওয়ার আগেই সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেয়া উচিত। দাবি মেনে নেয়া না হলে কোনো ধরনের ষড়যন্ত্র বা চক্রান্তের মাধ্যমে আন্দোলন থামানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।
১১ দলীয় ঐক্য দলীয় স্বার্থে নয়, দেশের ১৮ কোটি মানুষের দাবিতে মাঠে নেমেছে বলে দাবি করেন জামায়াত আমির। তার ভাষ্য, জনগণের সমর্থন নিয়েই আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
শফিকুর রহমান আরো বলেন, আন্দোলন ইতোমধ্যে শুরু হয়েছে এবং জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)