সংগৃহীত ছবি
গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়।
সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এর আগে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা সেখানে জড়ো হন। সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেন। পরে সকাল ৮টার পর রংপুরের উদ্দেশে গাড়িবহর যাত্রা শুরু করে।
ঢাকা থেকে রংপুরের পথে গাজীপুরের ভোগড়া বাইপাস, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা এবং গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করার কথা রয়েছে। রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা।
আয়োজকদের ঘোষিত আট দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটের সমাধান, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। পাশাপাশি দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং উত্তরাঞ্চলের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও রয়েছে।
লংমার্চ সফল করতে ঢাকা-রংপুর রুটের বিভিন্ন জেলা ও মহানগরীতে প্রস্তুতি নেয়া হয়েছে। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন আয়োজকেরা।
এর আগে গত ৫ সেপ্টেম্বর ছয় দফা দাবি নিয়ে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করেছিল ১১ দলীয় ঐক্য। এবার রংপুরমুখী কর্মসূচিতে তাদের দাবির সংখ্যা বেড়ে আটটিতে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)