Logo
×

Follow Us

রাজনীতি

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ শনিবার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লং মার্চ শনিবার

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রংপুরের উদ্দেশে শনিবার (১৯ সেপ্টেম্বর) লংমার্চ করবে ১১ দলীয় জোট। লংমার্চে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি ও দখলবাজি বন্ধসহ ৭ দফা দাবির সাথে নতুন করে যুক্ত হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। 

আয়োজকদের দাবি, লংমার্চে তিন হাজারের বেশি গাড়ি অংশ নেবে। ঢাকা থেকে রংপুরের পথে পাঁচটি জেলায় পথসভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে লংমার্চ ও সমাপনী সমাবেশ ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা ও মহানগর জামায়াত কার্যালয়ে লংমার্চের সর্বশেষ প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করে ১১ দলীয় জোট। এতে বক্তব্য দেন সমাবেশের সভাপতি ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সমাবেশ বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চল টিমের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম, জেলা সেক্রেটারি এনামুল হকসহ জোটের নেতারা। নতুনভাষা শিখুন

সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াত আমির, এনসিপি আহ্বায়কসহ জাতীয় নেতৃবৃন্দ, নেতাকর্মী ও সাধারণ মানুষকে বরণ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, সাত দফার সাথে রংপুরের মানুষের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি যুক্ত করা হয়েছে। এটি এই অঞ্চলের মানুষের বাঁচা-মরার দাবি। এই দাবি বাস্তবায়নের প্রত্যয় নিয়েই ১১ দল ঘরে ফিরবে।

জোটের ঘোষিত দাবিগুলোর মধ্যে রয়েছে-গণভোটের রায় বাস্তবায়ন ও সংস্কার কাউন্সিল গঠন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, দখলবাজি ও চাঁদাবাজি বন্ধ করা।

লংমার্চে গাড়ির সংখ্যা নিয়ে এটিএম আজহারুল ইসলাম বলেন, চট্টগ্রামের লংমার্চে আমাদের টার্গেট ছিল এক হাজার গাড়ি। কিন্তু সেখানে দেড় হাজারের বেশি গাড়ি হয়েছিল। রংপুরের লংমার্চ নিয়েও আমরা বিপুল সাড়া পাচ্ছি। গাড়ি তালিকাভুক্ত করা হচ্ছে। আশা করছি, তিন হাজারের বেশি গাড়ির বহর হবে।

মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান জানান, শনিবার সকাল ৭টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে লংমার্চ শুরু হবে। সেখানে সকাল ৮টা পর্যন্ত উদ্বোধনী সভা অনুষ্ঠিত হবে। এরপর লংমার্চের গাড়িবহর গাজীপুরের ভোগরাপাড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জ চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা করবে। পরে বিকাল ৫টায় রংপুর জিলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, লংমার্চের গাড়িবহরের পাশাপাশি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশ নেবেন। তিনি সমাবেশে পাঁচ লাখের বেশি মানুষের সমাগমের আশা প্রকাশ করেন।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে রংপুর জিলা স্কুল মাঠ প্রস্তুত করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৩০০টি মাইক স্থাপন করা হয়েছে। ৩৫টি স্থানে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। লংমার্চের সঙ্গে আসা গাড়ি রাখার জন্য নগরীর ৩০টি স্থানে ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেয়া হয়েছে।

সমাবেশ ও লংমার্চ ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে রংপুর মহানগর পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১১ দলীয় জোটের স্বেচ্ছাসেবকরাও মাঠে দায়িত্ব পালন করবেন।

সমাপনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় পর্যায়ের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

মন্তব্য করুন