ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন শিক্ষার্থী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় প্রদর্শিত মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আবু তৈয়ব হাবিলদার নামের এক শিক্ষার্থী এ ঘটনা ঘটান বলে জানা গেছে।
আবু তৈয়ব হাবিলদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে দাবি করেছেন। দুপুরে দুই সন্তানকে সাথে নিয়ে তিনি ডাকসু ভবনের সংগ্রহশালায় যান। সেখানে একপর্যায়ে জিন্নাহর একটি ছবি ভেঙে ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলেন।
এরপর সংগ্রহশালায় থাকা আরও দুটি ছবি মেঝেতে আছড়ে ভাঙেন তিনি। পরে সেগুলোও ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলেন।
ঘটনার পর আবু তৈয়ব হাবিলদার বলেন, জিন্নাহকে তিনি ‘খলনায়ক’ মনে করেন এবং ডাকসুর মতো জায়গায় তাঁর ছবি রাখার বিষয়ে আপত্তি রয়েছে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করে তিনি প্রশ্ন তোলেন, জিন্নাহকে কেন নায়ক হিসেবে প্রতিষ্ঠা করা হবে।
ডাকসুর ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ করে তিনি প্রশ্ন করেন, তিনি উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চান কি না। উল্লেখ্য, এর আগে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন আবু তৈয়ব হাবিলদার।
এদিকে ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তিনি জানিয়েছেন, সোমবার বিকেল ৪টায় ডাকসু ভবনের সামনে গণমাধ্যমের সাথে এ বিষয়ে কথা বলবেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)