Logo
×

Follow Us

রাজনীতি

সংকট মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান রিজভীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ পিএম

সংকট মোকাবিলায় সবাইকে সজাগ থাকার আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশপ্রেমিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ১২ দলীয় জোট আয়োজিত ‘দেশের চলমান সংকট ও দেশপ্রেমিক শক্তির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিরোধী দলের গণতান্ত্রিকভাবে কথা বলা, সংসদে ও রাজপথে কর্মসূচি দেয়া স্বাভাবিক। তবে বাস্তবতার সাথে সম্পর্কহীন কোনো বিষয় নিয়ে অযথা উত্তেজনা সৃষ্টি করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। ভিন্নমত ও সমালোচনার সুযোগ থাকলেও তা গঠনমূলক হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

দেশের গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, মাত্র ছয় মাস আগে দায়িত্ব নেয়া সরকার এ সংকটের জন্য দায়ী নয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি ব্যবস্থায় পড়েছে বলে দাবি করেন তিনি।

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে রিজভী বলেন, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে প্রান্তিক, দরিদ্র ও অসহায় মানুষকে সহায়তা দেয়া হচ্ছে। বয়স্ক ভাতা ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করা হয়েছে এবং উপকারভোগীর সংখ্যা ৬১ লাখ থেকে আরও এক লাখ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন। তাঁর দাবি, জিয়াউর রহমানের গণমুখী উদ্যোগের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি খাদ্য রপ্তানির দিকেও এগিয়েছিল।

বর্তমান সরকারের জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে কি না, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান রিজভী। তিনি বলেন, সামাজিক সুরক্ষা ও জনকল্যাণের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি এসব কর্মসূচির বিরুদ্ধে কোনো অপতৎপরতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের প্রসঙ্গ তুলে রিজভী দলটির বিরুদ্ধে অতীতের বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের অভিযোগ করেন। তার দাবি, শিক্ষার্থী, শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষ হত্যার সঙ্গে দলটির নেতাকর্মীরা জড়িত ছিল। এ সময় তিনি আওয়ামী লীগের বিচারের দাবিও জানান।

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি কাজী জাফরের চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় জোটের শীর্ষ নেতাসহ বিভিন্ন জাতীয় নেতা বক্তব্য দেন।

মন্তব্য করুন