লংমার্চ অব্যাহত রাখার ঘোষণা জামায়াত আমিরের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পিএম
সংগৃহীত ছবি
বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসন, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে জামায়াতের লংমার্চ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চলমান জ্বালানি সংকটে দেশের শিল্প ও রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত কার্যকর বিকল্প ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া সার্কিট হাউজে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দিনব্যাপী রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়া সফরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় উৎপাদন কমে গেছে বলে বিজিএমইএর নেতারা রাষ্ট্রপতিকে জানিয়েছেন। তাঁর দাবি, উৎপাদন কমে গেলে ঋণ পরিশোধে সমস্যা, শ্রমিক ছাঁটাই এবং বিদেশি ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে।
বিদ্যুৎ সংকট মোকাবিলায় অভিজ্ঞ দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কারিগরি দল সরকারকে সহায়তা দিতে চেয়েছিল বলে জানান তিনি। তবে সরকারের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দেয়া হয়নি বলে অভিযোগ করেন জামায়াত আমির।
সংসদের ভেতরে প্রত্যাশিত সমাধান না পাওয়ায় রাজপথে কর্মসূচি পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রের রায় বাস্তবায়ন, বৈষম্য দূর করা, দলীয়করণ বন্ধ, চাঁদাবাজি ও দুর্নীতি প্রতিরোধ, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে তাদের কর্মসূচি চলছে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের লংমার্চ শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
গণভোটের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান দাবি করেন, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্রব্যবস্থায় সংস্কারের পক্ষে গণভোটে ৯২ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। তার অভিযোগ, সংসদে সেই রায় বাস্তবায়ন না করে জনগণের প্রত্যাশার সাথে ভিন্ন আচরণ করা হয়েছে।
বগুড়ার উন্নয়ন নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি জেলার দীর্ঘদিনের অবহেলার অভিযোগ তুলে বলেন, উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ যোগাযোগ ও শিল্পকেন্দ্র হিসেবে বগুড়ার উন্নয়নে আরো গুরুত্ব দেয়া প্রয়োজন। প্রধান বিরোধী দলের নেতা হিসেবে সংসদে বগুড়ার উন্নয়ন ও ন্যায্য অধিকারের বিষয়টি তুলে ধরার কথা জানান তিনি।
এর আগে সকাল ৬টায় ধুনট উপজেলায় ১৯৬৯ সালে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডা. শফিকুর রহমান। সাংবাদিকদের সাথে মতবিনিময় শেষে দুপুরে টিএমএসএস মমইন কনভেনশন সেন্টার ও স্থানীয় টিটু মিলনায়তনে বগুড়া মহানগর ও জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তার যোগ দেওয়ার কথা ছিল।
সভায় জামায়াতে ইসলামীর স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এবং বগুড়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)