মহিলা দলের নেতাকর্মীরা সরকারের অংশ: রিজভী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
সংগৃহীত ছবি
বিএনপি ক্ষমতায় থাকায় দলের প্রত্যেক নেতাকর্মীকে মন্ত্রী-এমপি হওয়ার প্রত্যাশায় না থেকে সরকারকে সফল করতে কাজ করার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির প্রতিটি নেতাকর্মীই এখন সরকারের অংশ এবং জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন ও সেগুলো জনগণের কাছে তুলে ধোলাই তাদের প্রধান দায়িত্ব।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি উদ্বোধনের আগে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি ক্ষমতায় থাকায় দলের নেতাকর্মীদের আরও কোনো পদ পাওয়ার জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সরকার পরিচালনায় দলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বর্তমানে বিএনপি সরকারে থাকায় নেতাকর্মীরা স্বাধীনভাবে কথা বলা ও চলাফেরার সুযোগ পাচ্ছেন। অতীতে মহিলা দলের নেতাকর্মীদের ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছিল, তা স্মরণ করে তিনি বলেন, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদসহ সংগঠনের অনেক নেত্রীকে বিভিন্ন সময় গ্রেপ্তার, কারাবরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
মহিলা দলের নেতাকর্মীরা এখন সরকারের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন উল্লেখ করে রিজভী বলেন, তাদের কেউ সংসদ সদস্য হয়েছেন, কেউ মন্ত্রিসভায় দায়িত্ব পেয়েছেন। এটিকে দলের নেতাকর্মীদের জন্য গৌরবের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের ধারণা রাখার আহ্বান জানিয়ে রিজভী বলেন, এসব কর্মসূচির সুফল জনগণের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা এবং নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলো সম্পর্কে জনগণকে জানাতে হবে।
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এ কার্ড দেওয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, নারীর প্রকৃত ক্ষমতায়নের জন্য শিক্ষা ও আর্থিক স্বাবলম্বিতা জরুরি। এ দুটি ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
অতীতের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মামলা, গ্রেপ্তার, রিমান্ড ও পুলিশের বাধার মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের জনকল্যাণ ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নেও তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, বিএনপি বা বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে কী কী কর্মসূচি নিচ্ছে, তা নেতাকর্মীদের জানতে হবে। এসব উদ্যোগ সম্পর্কে ধারণা নিয়ে তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি।
পরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এ সময় সংগঠনের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)