Logo
×

Follow Us

রাজনীতি

'আ.লীগের সাথে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ'

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পিএম

'আ.লীগের সাথে আঁতাত করে দেশ অশান্ত করতেই জামায়াতের লং মার্চ'

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনবলেছেন, আওয়ামী লীগ ও ভারতের সাথে গোপনে আঁতাত করে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে জামায়াত। দলটির একের পর এক লংমার্চ কর্মসূচির ঘোষণা সেই ষড়যন্ত্রের অংশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দিল্লি সরকার বারবার অনুরোধ জানিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, পলাতক শেখ হাসিনা ও শহিদ ওসমান হাদীর খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত তিনি ভারত সফর করবেন না। কিন্তু এই একই অনুরোধ যদি ভারত জামায়াতের আমিরকে করত, তাহলে এতদিনে জামায়াত আমির থাকতেন দিল্লিতে।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট উচ্চারণে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন। কিন্তু আমরা দেখছি বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লং মার্চ করছে। লং মার্চ করে কী ধরনের সমস্যার সমাধান হবে?

জামায়াতে ইসলামীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, এই জামায়াত স্বার্থের জন্য তার শত্রুদের সাথে আঁতাত করতে পারে। ভারতের সাথে আঁতাত করে ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরানোর জন্য জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের আমিরের ভাষা একই সূত্রে গাঁথা।

বিরোধী দলের লং মার্চের সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, জ্বালানি সংকট থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু জামায়াতসহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করেছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লং মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে। জামায়াতের এই লং মার্চ ও আওয়ামী লীগের ডিসেম্বরে ফেরার ঘোষণা দেশকে অশান্ত করার একটি অপচেষ্টা। জনগণকে বলব, আপনারা সতর্ক থাকুন। এই জামায়াতের চরিত্র সম্পর্কে জানুন।

এসময় তিনি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন হাসপাতালের জনবল সংকট নিরসন ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

পরে তিনি স্থানীয় শিশু-কিশোরদের সাথে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। এসময় জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সমীনুজ্জামান সমীন, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন