Logo
×

Follow Us

রাজনীতি

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ এনসিপির

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ এনসিপির

ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ এনসিপির

ইতালির ভেনিসে প্রখ্যাত অভিনেত্রী ও জুলাই আন্দোলনের যোদ্ধা আজমেরী হক বাঁধন এবং তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংগঠনটির দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে দলটি।

এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, দেশজুড়ে গণহত্যা ও নিপীড়নের পর ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তাদের দাবি, বর্তমানে বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা জুলাই যোদ্ধাদের ওপর রাজনৈতিক সহিংসতা ও হামলা চালানোর চেষ্টা করছে। ভেনিসে একজন পরিচিত সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনাকে তাঁরা এরই ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেন।

বিবৃতিতে এনসিপি নেতারা অভিযোগ করেন, ভেনিসে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিকে কেন্দ্র করে তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু নেতাকর্মী ওই হামলায় জড়িত ছিলেন। তাঁদের দাবি, হামলাকারীরা অভিনেত্রী বাঁধন ও তাঁর পরিবারের সদস্যদের শারীরিকভাবে হেনস্তা করেন এবং তাঁর সঙ্গে থাকা নারী ও শিশুকেও আঘাত করা হয়। একপর্যায়ে বাঁধনকে জোরপূর্বক ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

এনসিপির নেতৃবৃন্দের ভাষ্য, দেশের বাইরে এমন হামলার ঘটনা প্রমাণ করে রাজনৈতিক সহিংসতার প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। তাঁদের মতে, বিদেশের মাটিতেও জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি নেতারা বলেন, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের ভিসা বাতিল এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা।

বিদেশে অবস্থানরত জুলাই যোদ্ধা, প্রবাসী রাজনৈতিক কর্মী ও সাধারণ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাস ও মিশনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে এনসিপি।

সংগঠনটির নেতারা আরও বলেন, ভেনিসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। অন্যথায় বর্তমান সরকারকে এ বিষয়ে জবাবদিহির আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে এনসিপি জানায়, দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরেও রাজনৈতিক সহিংসতা ও হামলার বিরুদ্ধে তারা অবস্থান অব্যাহত রাখবে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার কথাও জানিয়েছে দলটি।

মন্তব্য করুন