লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে লংমার্চের মতো কর্মসূচির মাধ্যমে বিরোধী দল গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভীর ভাষ্য, লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। তার দাবি, এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হলে সেটিকে দমন-পীড়ন হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সমালোচনার পাশাপাশি সংকট মোকাবিলায় বিকল্প ও গঠনমূলক প্রস্তাব সংসদে তুলে ধরা উচিত ছিল। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির মতো বিষয়গুলোও বিরোধী দল যথাযথভাবে তুলে ধরছে না বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, সরকারের কোনো ভুল বা ঘাটতি থাকলে তা সংসদে তুলে ধরে জবাবদিহি নিশ্চিত করার সুযোগ রয়েছে। তার মতে, সংসদীয় ব্যবস্থার বাইরে রাজপথের কর্মসূচির মাধ্যমে এসব দাবি তুলে ধরার পরিবর্তে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করা প্রয়োজন।
সাংবাদিক সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর পাঁচ দিনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন রিজভী। একই সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লাগানো বিলবোর্ড, ব্যানার ও অন্যান্য প্রচারসামগ্রী সরিয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)