Logo
×

Follow Us

রাজনীতি

দল ও দলের বাইরে থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা আব্বাস

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পিএম

দল ও দলের বাইরে থেকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: মির্জা আব্বাস

ছবি: সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে 'দলের ভেতর ও বাইর থেকে ষড়যন্ত্র হচ্ছে' বলে সর্তকবার্তা দিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, অনেক ষড়যন্ত্র হবে, আপনার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র হবে। আপনি দয়া করে সাবধান থাকবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এসব কথা বলেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, নিঃসন্দেহে আপনি অনেক উদার, তবে সব সময় সব জায়গা এমন যাবে না। বহু কর্মী আছে, নেতা আছে, যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে, কিন্তু বাইরে এসে ভালো কথা বলে না।

প্রধানমন্ত্রীকে সতর্ক করে মির্জা আব্বাস আরো বলেন, বিষয়গুলো সম্পর্কে আপনার একটু সাবধান হওয়া উচিত। কারণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু স্বাভাবিক মৃত্যু হয়নি। অবশ্যই দেশনেত্রীর মৃত্যু স্বাভাবিক, বেগম খালেদা জিয়াকে কেউ হত্যা না করলেও যেভাবে মারা গেছেন, সেটি আমাদের কারও কাম্য ছিল না।

তারেক রহমানের বিভিন্ন কাজের প্রশংসা করে মির্জা আব্বাস বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী অনেক প্রশংসনীয় কাজ করেছেন। কিন্তু তার সব ভালো কাজ কিছু খারাপ লোকের খারাপ কথায় ও কাজে ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এসব বিষয়ে তাকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, দলের নেতা-কর্মীদের কর্মকাণ্ড ও তাদের দেয়া তথ্যের বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন। এর মধ্যে অনেক কিছু হবে, হচ্ছে। সব কিছু আপনার (তারেক রহমান) কানে যায় না।  আমাদের কাছে যা আসে, যেগুলো আসে ইনশাল্লাহ আপনাকে জানাবো। এই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এখন পর্যন্ত দলের ভিতর থেকে হচ্ছে, দলের বাইরে থেকে হচ্ছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং আপনারা যারা আছেন আমার ভাইয়েরা আমি মনে করি সকলেই মোটামুটি দেশপ্রেমিক এবং দল প্রেমিক।

মির্জা আব্বাস বলেন, দয়া করে যে যা করেন না করেন দলটাকে বাঁচিয়ে রাখবেন। এই দলটা দেশটাকে বাঁচিয়ে রাখবে।

আবেগ আপ্লুত কন্ঠে তিনি আরো বলেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যে আমি যদি কিছু খারাপ কিছু বলে থাকি, কাউকে যদি আহত করে থাকি আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি কাউকে আহত করার জন্য দুঃখ দেয়ার জন্য, কষ্ট দেয়ার জন্য এ কথাটা বলি নাই। এই দলটাকে আমি অনেক ভালোবাসি। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ।

উল্লেখ্য, সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন থাকার পর গত বুধবার দেশে ফেরেন মির্জা আব্বাস। অসুস্থতার মধ্যে হুইল চেয়ারে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় আসেন। মঞ্চে প্রধানমন্ত্রীর পাশের চেয়ারেই বসেন তিনি। 

দলের ভারপ্রাপ্ত মহসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় অর্থনীতিবিদ মাহবুবউল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম, ইসমাইল জবিহউল্লাহ, বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুব সাধারণ সভাপতি এম মোনায়েম মুন্না, জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান,ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, উত্তরের সদস্য সচিব মোস্তফা জামান, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান,এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন