সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাঁচ মাসের বেশি সময় ধরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস মালয়েশিয়া থেকে জানিয়েছিলেন, চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমতি পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেয়া হয়।
মির্জা আব্বাসের পরিবার ও দলের নেতারা জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। তার চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রতিদিন ফিজিওথেরাপি দেয়ার ব্যবস্থাও করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। ওই দিন গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ শারীরিক অবস্থার আরো অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় নেয়া হয়েছিল।
মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)