Logo
×

Follow Us

রাজনীতি

ইসির সাথে জামায়াতের বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম

ইসির সাথে জামায়াতের বৈঠক

সংগৃহীত ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার পর নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন, ভোটার তালিকা ও নির্বাচনসংক্রান্ত আইন-বিধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ইসি সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা ও সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এ ছাড়া নির্বাচনের আচরণবিধির খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিং করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন সংশোধনের পাশাপাশি নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের কাজও এগিয়ে চলছে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি বছর শেষ হওয়ার আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে চলতি সেপ্টেম্বরেই নির্বাচনের তফসিল ঘোষণা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারও এর আগে বছর শেষে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনার কথা জানিয়েছিলেন।

স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধি সংশোধনের প্রক্রিয়ার মধ্যে গত আগস্টেও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছিল জামায়াতে ইসলামী। এক মাসের ব্যবধানে দলটির পক্ষ থেকে আবারও কমিশনের সঙ্গে বৈঠক করা হলো।

এদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিল দলটি। এ বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন