‘ইসলাম শ্রেষ্ঠ’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীকে বিজেপির আক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১২:২১ পিএম
বাসবরাজ রায়ারেড্ডি
ইসলামকে ‘অন্যান্য ধর্মের তুলনায় শ্রেষ্ঠ’ বলে মন্তব্য করে কর্ণাটকে রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বাসবরাজ রায়ারেড্ডি। তার বক্তব্যকে হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের অবমাননা হিসেবে উল্লেখ করে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধী দল বিজেপি। একই সাথে মন্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।
রোববার (৩০ আগস্ট) কোপ্পাল জেলার কুকনুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইসলামকে মহান, মানবিক ও বিজ্ঞানভিত্তিক ধর্ম হিসেবে বর্ণনা করেন রায়ারেড্ডি। তিনি বলেন, ইসলাম মানুষকে সুশৃঙ্খলভাবে জীবনযাপনের শিক্ষা দেয়। তার ভাষ্য, ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেকে এ ধর্ম নিয়ে ভুল ধারণা পোষণ করেন।
মন্ত্রী আরও বলেন, তিনি বিভিন্ন ধর্ম ও ধর্মীয় ইতিহাস নিয়ে পড়াশোনা করেন। তবে নিয়মিত মন্দির বা মঠে যাতায়াত করেন না বলেও জানান তিনি। আব্রাহামিক ধর্মগুলোকে তিনি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেন বলেও মন্তব্য করেন।
রায়ারেড্ডির বক্তব্য প্রকাশ্যে আসার পরই এর বিরোধিতা শুরু করে বিজেপি। কর্ণাটক বিজেপির সভাপতি আর অশোক মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের কাছে মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, মন্ত্রীর মন্তব্য হিন্দুধর্ম ও হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আর অশোক বলেন, মন্ত্রীর বক্তব্যের মাধ্যমে হিন্দুদের ধর্মীয় বিশ্বাসের কেন্দ্র মন্দির ও মঠকে হেয় করা হয়েছে। একই সঙ্গে ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলার মন্তব্যের মাধ্যমে সনাতন ধর্মকে অবমাননা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজেপির দাবি, বাসবরাজ রায়ারেড্ডিকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার করে হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে মুখ্যমন্ত্রীকে তাকে মন্ত্রিসভা থেকে সরানোর বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে।
দলের মুখপাত্র অশোক গৌড়াও মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভোটব্যাংকের রাজনীতির কারণেই এমন মন্তব্য করা হয়েছে। বিভিন্ন ধর্মের ধর্মগ্রন্থ পড়ার পর মানুষকে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
বাসবরাজ রায়ারেড্ডি এর আগে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়ার আর্থিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলতি মাসের শুরুতে ডি কে শিবকুমারের মন্ত্রিসভা সম্প্রসারণের সময় তিনি কর্ণাটকের উচ্চশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে কর্ণাটকের কংগ্রেস সরকারকে বিজেপির ধারাবাহিক আক্রমণের মধ্যেই মন্ত্রীর এই মন্তব্য ঘিরে নতুন বিতর্ক তৈরি হলো। এতে রাজ্যটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)