পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:১৪ এএম
ছবি: সংগৃহীত
ঢাকার মিরপুর পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকে পল্লবী থানার ১১ নম্বর সেকশনের ১২ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
জানা গেছে, সেকশন-১১ তালাব ক্যাম্পে মৃতদেহের গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এক পক্ষের নেতৃত্বে ছিলেন সুমন ও জামায়াত কর্মী মানিক। তাদের সঙ্গে ছিলেন প্রায় ৫০ থেকে ৬০ জন। অপর পক্ষের নেতৃত্বে ছিলেন বিএনপিপন্থী ছাত্রদলের আহ্বায়ক সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কু। এ পক্ষের সাথে ছিলেন প্রায় ২০০ থেকে ২৫০ জন। এ সময় উভয় পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
সংঘর্ষে কেউ আহত হয়েছেন কি না জানতে চাইলে ওসি হাসান বাসির বলেন, তাদের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। কেউ আহত হয়েছেন কি না, এ বিষয়ে এখনো আমাদের কাছে তথ্য আসেনি।
পুলিশ জানায়, বর্তমানে ক্যাম্প এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)