Logo
×

Follow Us

রাজনীতি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন এগোচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম

প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন এগোচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী

ছবিঃ বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকারের কার্যক্রম এগিয়ে চলছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শনিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সহায়তা স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে বিতরণ করা হচ্ছে। জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।

তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি পাড়া-মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়নে বিএনপির কর্মী-সমর্থক বাড়াতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার জন্য তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দরিদ্র ও পিছিয়ে থাকা পরিবারের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করারও পরামর্শ দেন তিনি।

বিএনপির রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে। ধর্ম, বর্ণ ও পেশা নির্বিশেষে সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়াই দলের লক্ষ্য।

সমাজে নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় রোধে ইমাম, মুয়াজ্জিন এবং কওমি মাদ্রাসার শিক্ষকদের আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান সমাজকল্যাণমন্ত্রী।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, পরাজিত স্বৈরাচারী শক্তির সহযোগীরা গোপনে সংগঠিত হয়ে বিভিন্ন মাধ্যমে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে উসকানিমূলক বার্তা ছড়িয়ে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে তৃণমূল পর্যায় থেকে গণতান্ত্রিক নাগরিকদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিগত সময়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার, গুম, খুন, সন্ত্রাস ও লুটপাটের সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কথাও বলেন ডা. জাহিদ হোসেন। তিনি জানান, সরকার এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।

খট্টা মাধবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন চৌধুরী লাবু, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মো. ফরিদ খান, সাধারণ সম্পাদক মো. নাজমুল হকসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় তৃণমূল নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মন্তব্য করুন