চীনের সাথে রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতিতেও সুসম্পর্ক চায় বিএনপি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০২:৫৮ পিএম
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি বিএনপির সাথে রাজনৈতিকভাবে সুসম্পর্ক বজায় রাখতে চীন আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক পর্যায়েও পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক ধরে রাখার বিষয়ে চীনের আগ্রহ রয়েছে। বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
তিনি জানান, জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প ও পরিবেশবান্ধব উৎস হিসেবে সৌরবিদ্যুৎ নিয়ে বাংলাদেশে কাজ করতে চায় চীন। একই সাথে বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের চলমান বিনিয়োগ আরও বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।
বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ করার আগ্রহের কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি, টেকসই পানি সরবরাহ ও পানি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে। এসব ক্ষেত্রে ভবিষ্যতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)